কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজা বলেছেন, মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল নিয়ে আমার কাছে কিছু লিখিত অভিযোগ আছে। আমি সেগুলো সংশ্লিষ্টদের জানিয়েছি এবং সময় দিয়েছি—এগুলো পরিবর্তন করতে হবে। তারা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। বলেছে, বিষয়গুলো আসলে তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। ওপরওয়ালার দোষ দিয়েছে। আমি বলেছি, কুষ্টিয়ায় কোনো ‘ওপরওয়ালা’ নেই—ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা-কিছু হবে, আমাকে জানাবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমির হামজা বলেন, কুষ্টিয়া জেলাসহ আশপাশের জেলার মানুষের উপকার ও সেবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা দুটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এগুলো দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। সামনে সাতটি বিষয় রয়েছে। আজ দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে হবে।
এ সময় জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

