দেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি পুনরায় চালু ও আধুনিকায়নের দাবিতে এলাকাবাসী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে এক ঘণ্টা পর্যন্ত ট্রেন আটকে রাখেন।
বিক্ষোভকারীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত জগতি স্টেশনটি দেশের ইতিহাসের সঙ্গে জড়িত। তারা স্টেশন পুনরায় চালু, আন্তঃনগর ট্রেনের স্টপেজ, ভবন সংস্কার ও আধুনিকায়নসহ চার দফা দাবির বাস্তবায়ন চেয়েছেন।
দাবির বাস্তবায়ন হলে শহরের যানজট কমবে, মানুষের যাতায়াত সহজ হবে, শিল্প-কলকারখানা ও কৃষিপণ্য পরিবহনে সুবিধা সৃষ্টি হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
আন্দোলনকারীরা আরও জানান, দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হবে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


