কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে জব্বার আলী মোল্লা (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে মশাউড়া মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার আলী মোল্লা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মোল্লাপাড়া গ্রামের মো. খোসবার আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার মথুরাপুর পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া মাঠের মধ্যে ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার নছিমনটি উল্টে যায়। এতে ব্যবসায়ী জব্বার আলী মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা গেছেন।
দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জব্বার আলী মোল্লা নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

