ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়াল (৪২)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল করীম বিশ্বাসের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকাল ৮টার দিকে তিন সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুন (৩০)-এর সঙ্গে পরকীয়াকে কেন্দ্র করে আব্দুল আওয়ালের পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তিনি নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই শাহানা খাতুনের মৃত্যু হয়। ঘটনার সময় আসামির মা বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আব্দুল আওয়ালকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং আসামিকে হেফাজতে নেয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শফিউদ্দিন বাদী হয়ে একই দিন ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ইবি থানার উপ-পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ একমাত্র আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার রায় প্রদান করেন।