কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কোর্ট স্টেশনে পৌঁছালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে পুলিশ।
নিহত নুরুল ইসলাম (৩০) চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া শহরের মিলপাড়া রেলগেট অতিক্রম করার সময় নির্মাণশ্রমিকরা ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে দেখতে পান। পরে ট্রেন থামিয়ে ছাদ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম। তিনি বলেন, ‘ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ব্রিজ কিংবা গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।’


