ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কফিন মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের উত্তর স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষুব্ধ জনতা ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদও করেন।
কফিন মিছিলে উপস্থিত ছিলেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, সদস্যসচিব শায়েদুর রহমান রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি ক্যাপ্টেন ইব্রাহীম, পৌর জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মো. ইউনুস খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড দেশের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা। পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।


