লক্ষ্মীপুরে যুবদলকর্মী বেল্লাল হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামে সভাটি আয়োজন করা হয়। ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের উদ্যোগে স্মরণসভায় বেল্লালের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আলম, সদর উপজেলা পশ্চিম যুবদলের সদস্য আরিফ খান জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ফরহাদ হোসেন, ইউনিয়ন যুবদল নেতা তফু আহমেদ ও ইমরান হোসেন।
বক্তারা বলেন, বেল্লাল হোসেন বড় কোনো পদে না থাকা সত্ত্বেও গত ১৭ বছর এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায়ের পর দলীয় সকল প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। লক্ষ্মীপুর ছাড়াও ঢাকা ও চট্টগ্রামে দলের কর্মসূচিতে নিয়মিত উপস্থিত থাকতেন। মৃত্যুর আগের দিনও তিনি ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ করেছেন।
বক্তারা আরও বলেন, বেল্লালের আর্থিক অবস্থা ভালো ছিল না, তবু দলের প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী ব্যয় করতেন। আকস্মিক মৃত্যুর কারণে তার পরিবার অসহায় হয়ে পড়েছে। স্ত্রী ও দুই সন্তান দুশ্চিন্তায় রয়েছেন। ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন, তারা সর্বদা সাধ্য অনুযায়ী বেল্লালের পরিবারের পাশে থাকবেন। পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠিত হলে পরিবারের সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
উল্লেখ্য, বেল্লাল হোসেন উত্তর হামছাদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন। তিনি হাসন্দী গ্রামের তসলিম ভুঁইয়ার ছেলে। গত শনিবার (১৭ জানুয়ারি) অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।


