ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৪০ এএম
বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিরা । ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র কারবারির সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান হোসেন এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজীব।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু। 

তিনি জানান, স্থানীয় চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি এলজি, ৩৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশি অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

এই সেনা কর্মকর্তা আরও জানান, আটক ইমরান হোসেন হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।