ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরকারের কাছে জনগণের আবদার একটু বেশি : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১০:২৭ পিএম
ছবিঃ রূপালি বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আপনাদের আন্তরিকতা ও সহযোগিতায় বিএনপি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। স্বাভাবিক কারণেই আপনাদের আবদার সরকারের কাছে একটু বেশিই থাকবে।

সেই আবদারটুকু ভবিষ্যতে যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রীকে সে তৌফিক দেন। তিনি যেন আপনাদের কথা সর্বদা মনে রাখেন। আমার দায়িত্ব অনুযায়ী আমার কাছে যা বর্তায়, আমি তাঁকে তা স্মরণ করিয়ে দেব।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরে গুম-খুনের শিকার ও অসহায় ১৩৯টি পরিবারের মধ্যে সরকারি বরাদ্দকৃত ১০ লাখ টাকার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী এ কথা বলেন।

লক্ষ্মীপুর গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে এ আয়োজন করা হয়। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করব আগামী ঈদের আগে প্রত্যেকটি পরিবার যেন সম্মানজনক আর্থিক সহযোগিতা পায়, যা দিয়ে আপনারা একটি সহায়তা পাবেন। যারা বিগত আন্দোলন-সংগ্রামে দেশের জন্য লড়াই করতে গিয়ে গুম-খুনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন সেই পরিবারগুলোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা রমজান মাসে আপনাদের পাশে দাঁড়িয়েছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন।

সংসদ সদস্যের জন্য সরকারি বরাদ্দকৃত এ টাকা লক্ষ্মীপুর-৩ (সদর) নির্বাচনী এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে ৬১ জনকে ১০ হাজার টাকা করে এবং ৭৮ জনকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।