লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ৯৫ জন স্বর্ণ ব্যবসায়ীর মধ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্মার্টকার্ড ও সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় বাজুস জেলা কমিটির আয়োজনে পৌর বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এসব বিতরণ করা হয়। লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেল কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর পৌর বাজুসের সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার এবং প্রধান বক্তা ছিলেন জেলা বাজুসের সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।
লক্ষ্মীপুর পৌর বাজুসের সাধারণ সম্পাদক পলাশ কুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেলের প্রধান উপদেষ্টা দিলীপ সাহা, জেলা বাজুসের সহসভাপতি জুলাশ কুরী ও সহদেব কুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ কুরী, জেলা বাজারদর সমন্বয় কমিটির সভাপতি পলাশ কুরী, সাধারণ সম্পাদক লিটন কর্মকার, লক্ষ্মীপুর পৌর বাজুসের যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায় এবং জেলা মহাজনী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় পাল।
বাজুস জেলা সভাপতি সমীর কর্মকার বলেন, ১৯ বছর পর ২০২৪ সালের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে আমরা দায়িত্ব পাই। এরপর থেকে সাধ্যমতো স্বর্ণ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। খুব শিগগিরই ২০২৬-২৮ সেশনের নির্বাচনের আয়োজন করা হবে।
দক্ষ সংগঠক ও প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীদের নির্বাচিত করতে হবে। কোনো কুচক্রী মহলকে নির্বাচিত করা যাবে না, বসন্তের কোকিলদেরও সুযোগ দেওয়া যাবে না। সরকারি আইন মেনে সবাইকে ব্যবসা করতে হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন