ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি : ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে সামাজিক মাধ্যমে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন এক নেতা। তার নাম মো. জাহিদ, যিনি আগের কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

প্রায় ৯ মিনিটের ওই লাইভ ভিডিওতে দেখা যায়, নতুন কমিটিতে স্থান না পাওয়ার হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন তিনি। নিজের রাজনৈতিক অবদান তুলে ধরতে গিয়ে একপর্যায়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (২ মে) রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং হাসিবুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মো. জাহিদ দাবি করেন, দীর্ঘদিন দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা সত্ত্বেও তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তার মতে, প্রকৃত কর্মীদের উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।

লাইভে বক্তব্য দিতে গিয়ে দলের শীর্ষ নেতাদের প্রতিও হতাশা প্রকাশ করেন তিনি। আবেগঘন কণ্ঠে বলেন, দলের রাজনীতিতে তার অবদান উপেক্ষা করা হয়েছে এবং তাকে ভুলে যাওয়া হয়েছে।

পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে রাজপথে সক্রিয় থেকে দলের জন্য কাজ করলেও নতুন কমিটিতে কোনো পদ না পাওয়ায় তিনি মর্মাহত। নিজের বঞ্চনার কারণও তিনি স্পষ্টভাবে জানেন না বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটিতে হাসান মাহমুদ সভাপতি এবং আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।