ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্ত সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বিজিবি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর পশ্চিম রিজিয়নের অধীনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে নবনির্মিত পূর্ব সারডুবী বিওপির উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত এই বিওপির ফলে বর্ডার ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে এবং সীমান্তে অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি পাবে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবির আওতাধীন এই নতুন বিওপির) আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: কর্নেল এস এম শফিকুর রহমান, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এবং লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম।

সীমান্ত নিয়ে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, ‘বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার জন্য এই নতুন বিওপি স্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে কোনো অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সদা সতর্ক।’

মূল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়। এ সময় প্রধান অতিথি ফলজ বৃক্ষ রোপণ করেন। সবশেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি।

বিজিবি সূত্রে জানা যায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১,৬৬৮ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে।