ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ১০, পাল্টাপাল্টি অভিযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:২৪ এএম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

রোববার (২৫ জানুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করেছেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। অপরদিকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন দলটির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু।

রোববার বিকেলে ওই এলাকায় জামায়াতের নেতাকর্মীরা গণসংযোগে গেলে বিএনপির নেতাকর্মীরা তাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহত জামায়াত কর্মী শাহ আলম অভিযোগ করে বলেন, জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছিলেন। এ সময় বিএনপির লোকজন এসে নারীদের হিজাব খুলে ফেলতে বলেন। একপর্যায়ে হামলা চালানো হলে তিনি সহ আরও ছয়জন আহত হন।

অন্যদিকে টংভাঙ্গা ইউনিয়নের আহত বিএনপি কর্মী মানিক মিয়া বলেন, জামায়াতের লোকজনই প্রথমে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে তাকেও মারধর করা হয়।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাজাহানপুরে দাঁড়িপাল্লার ব্যানার পোড়ানোর অভিযোগ

এদিকে বগুড়া-৭ (শাজাহানপুর ও গাবতলী) আসনের শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি ব্যানার ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলা এবং জামায়াতের নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বগুড়া-৭ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক আব্দুল মতিন। অভিযোগে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি।

অধ্যাপক আব্দুল মতিন বলেন, এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন।