আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পক্ষে প্রচার হিসেবে আগামীকাল উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এক নির্বাচনি জনসভায় আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিতব্য ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুসহ নেতাকর্মীরা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের আগমন ঘিরে জনসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। পাশাপাশি মঞ্চ তৈরির কাজ চলছে।
আনোয়ারুল ইসলাম রাজু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই জেলার নীলফামারী ১, ২, ৩, ৪ এবং লালমনিরহাট ১, ২ ও ৩ আসনের ৭ জন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে তিস্তা নদী পাড়ে জনসভায় যোগ দিতে আগামীকাল বুধবার (০৪ ফেব্রুয়ারি) তিস্তা ব্যারাজের হেলিপ্যাড মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি হেলিকপ্টারযোগে সকাল ১২টায় পৌঁছাবেন এবং ১২টা ৩০ মিনিটে জনসভায় বক্তব্য রাখবেন। এ সভায় দুই জেলার প্রায় ৩ লক্ষাধিক নেতাকর্মীসহ এলাকাবাসীর সমাগম হবে।
আনোয়ারুল ইসলাম রাজু আরও বলেন, তিস্তা নদী উত্তরের জীবনরেখা। প্রতিবছর বন্যা ও ভাঙনে বসতভিটা হারিয়ে হাজারো মানুষ পথে বসে। কয়েক বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে জামায়াত ক্ষমতায় আসলে এটি বাস্তবায়ন করার ঘোষণা আসবে এই তিস্তা পাড়ের জনসভায়।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আব্দুল হালিম বলেন, জামায়াত আমির লালমনিরহাটের ৩ ও নীলফামারীর ৪ প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দেবেন। তিনি প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। এ ছাড়াও দেশের উন্নয়ন-অগ্রগতি সবকিছু নিয়ে কথা বলবেন তিনি। কর্মসংস্থান মানুষের জীবন-জীবিকা সবকিছু নিয়ে আলোচনা করবেন। এ জনসভা হবে আগামীর উন্নয়ন নির্ধারণ করার জনসভা। সেখানে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

