আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ আসনের শিবচরের ঐতিহাসিক হাতির বাগান মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনি জনসভা। শেষ মুহূর্তে জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠ।
জনসভায় গণঅধিকার পরিষদ শিবচরের প্রার্থী মনির হোসেন রাজিব প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার প্রতি। এ সময় তিনি বক্তব্যে বলেন, শিবচরের জুলাই যোদ্ধারা কোনোভাবেই স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেবে না। যারা দীর্ঘদিন জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, তাদের এই শিবচরের মাটিতে আর কোনো জায়গা হবে না।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ও ন্যায়বিচারের রাজনীতিতে বিশ্বাস করে। তাই এই নির্বাচনে শিবচরের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে তিনি সবাইকে জাহাজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াজ্জেম হোসেন রোমান। সভাপতিত্ব করেন শাহজাহান হোসেন সাজু মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিবচরের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়—আর সেই পরিবর্তনের প্রতীক হলো জাহাজ মার্কা।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, আমি নির্বাচিত হলে শিবচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর—সবাই আমার ভাই। আমি সব সময় তাদের পাশে থাকব। তিনি আরও বলেন, নারী ভোটারদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি যোগায়।
সভায় তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে শিবচরকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর পরিবেশে গড়ে তুলবেন। শেষে তিনি আগামী ১২ তারিখ জাহাজ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন