মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়বেন ২৫ প্রার্থী। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা। এ ছাড়া বাকি ১৫৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন। ৫ লাখ ৫৩ হাজার ৭ জন নারী ভোটার। আর হিজড়া ভোটারের সংখ্যা ১২ জন।
তথ্য বলছে, প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, তিনজন অস্ত্রধারী আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া সাধারণ ভোটকেন্দ্রে দুইজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার ও ১১ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলায় প্রায় ৬০০ সেনাসদস্য টহল ও নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছেন। প্রতিটি উপজেলায় ১০০ করে সেনাসদস্য থাকবেন নির্বাচনি মাঠে। এর মধ্যে সদর উপজেলায় থাকবেন ২০০ সেনাসদস্য। এ ছাড়া ৬ প্লাটুন বিজিবি, অর্ধশত র্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন ভোট সুষ্ঠু হওয়ার লক্ষ্যে।
২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ ও মাদারীপুর-৩ আসনে ১০ জন। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ৭ জন।

