মাদারীপুরের কালকিনিতে আতশবাজি ফুটানোর সময় বিস্ফোরণে এক স্কুলছাত্রের হাতের পাঁচ আঙুল ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।এতে ওই স্কুলছাত্র গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত নিলয় (১৫) কৃষক মো. আলমগীর সরদারের ছেলে। তাকে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
চিকিৎসা সূত্রে জানা গেছে, বিস্ফোরণে নিলয়ের বাম হাতের পাঁচটি আঙুল ছিন্নভিন্ন হয়ে গেছে এবং ডান পাশে গুরুতর ক্ষতবিক্ষত হয়েছে।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, আহতের অবস্থার গুরুতরতার কারণে তাকে বরিশালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আতশবাজি ব্যবহার করার সময় সতর্কতা না মানলে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন