ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের বসতঘরে জনতার আগুন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৬:১৬ পিএম
নিহত জাকির শেখ

মাদারীপুরের রাজৈরে জমিসংক্রান্ত বিরোধে জাকির শেখ (৫০) নামে এক ফল ব্যবসায়ীকে জামাইবাড়িতে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার আমগ্রাম মধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উত্তেজিত জনতা ছয়টি ঘর পুড়িয়ে দিয়েছে। নিহত জাকির  মজুমদারকান্দি গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে। তিনি মাদারীপুর জেলার রাজৈরের মজুমদারকান্দি এলাকার বাসিন্দা ও রাজৈর বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির শেখের জামাই আমগ্রাম মধ্যপাড়া এলাকার এসাহাক কাজীর ছেলে রাসেল কাজী ও তার ভাই সোহেল কাজীর (৩৪) সঙ্গে প্রতিবেশী আব্দুল মজিদ খাঁর ছেলে ইলিয়াস খাঁ গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসেন রাসেল কাজীর শ্বশুর জাকির, এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজৈর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সংঘর্ষে সোহেল কাজী (৩৫) গুরুতর আহত হন। তাকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। এ সময় মজিদ খাঁর বাড়িসহ ইলিয়াস খাঁ ছয়টি বসতঘরে আগুন দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।