ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শিবচরে তীব্র জ্বালানি সংকট: ফিলিং স্টেশনে ২ কিলোমিটার লাইন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:৪৯ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ কারণে উপজেলার পাচ্চর-শিবচর আঞ্চলিক সড়কে অবস্থিত এ এইচ কে অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কোথাও কোথাও এই লাইনের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকেই ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেল আরোহী, কৃষক, অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা যায়। বিশেষ করে কৃষকরা সেচকাজ ও কৃষিজমিতে ব্যবহারের জন্য ডিজেল সংগ্রহ করতে দূরদূরান্ত ছুটে আসছেন। অনেকে ১০ থেকে ১৫ কিলোমিটার দূর থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ৫ লিটার করে ডিজেল সংগ্রহ করছেন।

এতে কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ৫ লিটার তেল সংগ্রহ করতে গিয়ে যাতায়াত ভাড়াতেই প্রায় ২০০ টাকা খরচ হয়ে যাচ্ছে। এতে তেলের সংকটের পাশাপাশি অতিরিক্ত যাতায়াত ব্যয়ও তাদের জন্য নতুন ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। তাদের আশঙ্কা, সেচ মৌসুমে পর্যাপ্ত ডিজেল না পেলে কৃষিকাজ ব্যাহত হবে।

অন্যদিকে মোটরসাইকেল আরোহীরাও জরুরি প্রয়োজনে তেল নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ প্রতিটি মোটরসাইকেলে ৩০০ টাকার তেল এবং কৃষকদের ক্ষেত্রে সীমিত পরিমাণে ডিজেল সরবরাহ করছে।

পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারির কারণে পাচ্চর-শিবচর আঞ্চলিক সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী, পরিবহন চালক ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের সদস্যরা তৎপর রয়েছেন। তারা শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিরসনে কাজ করছেন।

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা সরেজমিনে ফিলিং স্টেশনটি পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তিনি তেল বিক্রির সার্বিক অবস্থা তদারকি করেন এবং কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি না হয়, সে বিষয়ে পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করেন। পাশাপাশি সাধারণ মানুষ ও কৃষকেরা যাতে ন্যায্যভাবে তেল পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পাম্প সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। তাই সবার মধ্যে বণ্টনের জন্য সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে সংকট কেটে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে তেলের সংকট ও দীর্ঘ লাইনের কারণে পুরো শিবচরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কৃষক, পরিবহন চালক ও সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।