সৌদি আরবে বহুতল ভবন থেকে পড়ে মো. সোবহান খান (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে রিয়াদের আল জাজিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর কয়েক দিন আগে কাজ করার সময় একটি বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
সোবহান খান মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভ্যানচালক সোবহান খান ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরব যান। এ জন্য তাকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ করতে হয়। সেখানে গিয়ে প্রথম কয়েক মাস কোনো কাজ না পাওয়ায় তিনি পরিবারের কাছে টাকা পাঠাতে পারেননি; বরং ঋণের চাপ আরও বেড়ে যায়। প্রায় দুই মাস আগে তিনি একটি কাজে যোগ দেন।
কয়েক দিন আগে কর্মরত অবস্থায় ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল জাজিরা হাসপাতালে ভর্তি করা হয়।
সোবহানের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন পাঁচ মেয়ে ও এক ছেলেসন্তান নিয়ে কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না। ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, তাও জানি না। আর্থিক সংকটের কারণে মরদেহ দেশে আনার সামর্থ্যও নেই। সরকারের সহযোগিতা চাই। আমার স্বামীর লাশ দেশে আনতে পারলে সন্তানরা শেষবারের মতো বাবাকে দেখতে পারবে।’
এদিকে মরদেহ দেশে আনার জন্য পরিবারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। আবেদনপত্রের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-20260412213320.webp)

