মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদশা (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে মাগুরা শহরের পারনান্দুআলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা সাতক্ষীরা জেলার তালা থানার আইলীয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন বাবুখালি পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল বাদশা মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ সংগ্রহ করে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন।
পথিমধ্যে দুপুর ১টার দিকে পারনান্দুআলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন