ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মৌলভীবাজারে নির্বাচনি নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারে যৌথ বাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে এই মহড়া আয়োজন করা হয়।

মহড়ায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিলাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ সাব্বির সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, গণমাধ্যম কর্মীসহ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে সব বাহিনীর সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো নাশকতামূলক পরিস্থিতি দ্রুত মোকাবেলার বিষয়টি দেখানোর উদ্দেশ্যেই এই মহড়ার আয়োজন করা হয়।