ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ঢাকা বিভাগের পরিচালক

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:৫১ এএম
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছবি : রূপালী বাংলাদেশ

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম, রোগী ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।

এ সময় পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা প্রাপ্তি সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে তিনি চিকিৎসাসেবার গুণগত মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এর মধ্যে রয়েছে—রোগীদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও সঠিক বিতরণ ব্যবস্থা বজায় রাখা, হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, বিদ্যমান জনবল দিয়ে সেবার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং রোগীসেবায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা।

এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।