ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের নির্বাচনি মিছিলে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং এই জনসমাগম তারই প্রমাণ।
স্থানীয় বিএনপি নেতারা জানান, আগামী দিনে আরও বড় পরিসরে নির্বাচনি প্রচার চালানো হবে। তারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের ব্যাপক সমর্থন নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

