ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ধলেশ্বরী-২ সেতুর ঢালে পিকআপের পেছনে বাসের ধাক্কায় পিকআপচালক নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ৩টার দিকে সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক মারা যান এবং পিকআপে থাকা অপর একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনো নিহত চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, ঢাকাগামী দ্রুতগতির একটি বাস মুরগিবাহী পিকআপের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন