মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের (৪৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেউটখালী এলাকার ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রহমানের সহকর্মীরা জানান, সকালে তিনি একটি খালখনন কর্মসূচির সাইট পরিদর্শক শেষে নিজ অফিসে ফিরছিলেন। কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ায় সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, নিহত জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন।

