ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১১:৫০ এএম
শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ছবি- সংগৃহীত

বাসে করে গার্মেন্টস শ্রমিককে তুলে নিয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ঘণ্টাখানেক মহাসড়ক বন্ধ থাকার পর আবার বাস চলাচল স্বাভাবিক হয়। 

রোববার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, গাজীপুর থেকে কারখানার নিজস্ব বাসে করে কাজে আসার পথে সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ওই বাসের চালকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা বলার সময় তাকে বাসের ভেতরেই আটকে রেখে গাড়িটি ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকরা সৌখিন পরিবহনের কয়েকটি বাস আটক করে রেখে অন্য যানবাহন চলাচল করতে দেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে ওই শ্রমিককে সৌখিন পরিবহনের কর্তৃপক্ষ ভালুকা থানায় নিয়ে আসছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু সৌখিন পরিবহনের বাসগুলো আটকে রাখা হয়েছিল। তবে এখন সৌখিন পরিবহনের বাস চলাচল করছে।

এ বিষয়ে জানতে ভালুকা মডেল থানার ওসি জাহেদুল ইসলামের নম্বরে ফোন করলে তিনি লাইন কেটে দেন।