ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনার কারণে ঢাকা-ময়মনসিংহ রেললাইন ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। রেললাইন ও স্টেশন অবরোধ, সিগন্যাল লাইট ও কম্পিউটার সিস্টেমে আগুন দেওয়ার ফলে ট্রেন যোগাযোগ ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসনটি নিয়েও মনোনয়নপ্রাপ্ত আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকরা বিক্ষোভে নেমে রেললাইন ও সড়কে অন্তত ৩০টি পয়েন্টে আগুন জ্বালায়।
স্লিপার তুলে নেওয়ায় কিছু অংশে রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় গফরগাঁও-ভালুকা, গফরগাঁও-কিশোরগঞ্জ, নান্দাইল ও ত্রিশালমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে শনিবার মধ্যরাতের পর এবং রোববার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে বিক্ষোভকারীরা মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ জানান, স্টেশনে সিগন্যাল ও কম্পিউটার সিস্টেমে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
ইউএনও এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গফরগাঁও আসনের প্রার্থী হিসেবে আক্তারুজ্জামান বাচ্চুর নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়।


