নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপির প্রার্থী ডা. মো. মাহবুবুর রহমান লিটন। এ খবরে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানীর পরে ডা. মো. মাহবুবুর রহমান লিটনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের আপিল বিভাগের এ রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে। এ বিজয় ত্রিশালবাসীর বিজয়, ধানের শীষের বিজয়। আমার বিরুদ্ধে যে মামলা ছিল, সেটি মিথ্যা।’
তিনি আরও বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকার আমাকে অবমূল্যায়ন করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হওয়ায় আমাকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ভুলবশত হলফনামায় এই তথ্যটি উল্লেখ না করায় আমার প্রার্থীতা বাতিল হয়েছিল। আপিলে আমার প্রার্থী বৈধ ঘোষণা হয়েছে। এখন আর কোনো সংশয় নেই। আশা করছি, সবাই নির্বাচনী মাঠে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’
এর আগে ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ডা. মো. মাহবুবুর রহমান লিটনের হলফনামায় নিজের নামে থাকা একটি মামলার তথ্য গোপন করার অভিযোগে তার প্রার্থীতা বাতিল করা হয়েছিল।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন