বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনীতিতে নবাগতরা অর্বাচীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন—কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিএনপির ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনাকে অহেতুক প্রশ্নবিদ্ধ করছেন, এবং জাতীয় নেতাদের বিরুদ্ধেও উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন।
তিনি আরও বলেন, ‘তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণ তারেক রহমানের যুগান্তকারী কর্মসূচিকে সমর্থন ও সমাদৃত করছে। জনসমাদৃত এসব কর্মসূচির বিরুদ্ধে কথা বলে জনবিরোধীর তকমা নিজেদের গায়ে লাগাবেন না।’
বুধবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাট সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামে নির্বাচনি কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। মানুষের দুঃখ-কষ্ট, বঞ্চনা ও ভোটাধিকার হরনের প্রতিবাদ থেকেই আমাদের রাজনীতি। তাই প্রতিটি কর্মীকে মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে সবাইকে সাহসিকতার সাথে নির্বাচনি মাঠে থাকতে হবে। তৃণমূলের নেতাকর্মী ও জনগণের ঐক্য, সততা ও সাংগঠনিক শক্তিই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে সফল করতে হবে।
আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা শাসুল হক, স্থানীয় ব্যবসায়ী জহিরুল হক, ইউসুফ আলী, আব্দুর রজ্জাক উপস্থিত ছিলেন।

-20260114203208.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন