ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা মেরে মাছবাহী মিনি ট্রাক ঢুকে যায়। এতে মিনি ট্রাকের সামনের অংশ ভেঙে চালক ও হেলপার আটকে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে মিনি ট্রাকের সামনের অংশ ও গেট কেটে দু’জনকে উদ্ধার করে।
বুধবার (২১ জানুয়ারি) ভোরে ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী সীডস্টোর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধার হওয়া চালক-হেলপার হলেন, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার স্বাধীন (২৪) ও সোহাগ (২০)।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী মাছবাহী মিনি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা মেহেরাবাড়ী সীডস্টোর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। সংঘর্ষে মিনিট্রাকের সামনের অংশ কাভার্ড ভ্যানের পিছনে ঢুকে যায়। এতে মিনি ট্রাকের স্টিয়ারিং ও ভনাট ভেঙে চালক ও হেলপারের পা থেকে কোমর পর্যন্ত আটকে যায়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা করে স্টিয়ারিং ও গেট কেটে চালক ও হেলপারকে উদ্ধার করে। পরে আহত দু’জনকে অ্যাম্বুলেন্সে ভর্তি করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘আহতদের অবস্থা তেমন গুরুতর নয়। তবে ট্রাকের সামনের অংশ ভেঙে কোমর থেকে পা পর্যন্ত আটকে পড়ায় তাদের উদ্ধার করতে সময় লেগেছে।’



