ময়মনসিংহের হালুয়াঘাটে চেকপোস্টে পুলিশকে কুপিয়ে পালানো লিমনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকার পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে ওই দিন দুপুরে লিমনকে হালুয়াঘাট মধ্যবাজার থেকে আটক করে পুলিশ। আহত পুলিশ সদস্যের নাম ইজাউল হক ভূঁইয়া (৪৩)। তিনি হালুয়াঘাট থানায় কর্মরত।
আটক লিমন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকা তল্লাশিচৌকি বসায় পুলিশ। একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজনের দলটি চোরাচালান প্রতিরোধে তল্লাশিচৌকি পরিচালনা করছিল।
রাত সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালাতে থাকেন পুলিশ সদস্যরা। গভীর রাতে মোটরসাইকেলে দুই যুবকের চলাচল নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান মো. লিমন। কেন তার মোটরসাইকেল থামানো হলে, এ নিয়ে পুলিশের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।
ঘটনাস্থলের পাশেই লিমনদের বাড়িতে গিয়ে তার বাবার কাছে বিষয়টি জানান পুলিশ সদস্যরা। সেখান থেকে ফেরার পথে পুলিশ সদস্যের পিঠে দা দিয়ে কোপ দেন তিনি। পরে পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
পুলিশকে কুপিয়ে আহত করার পর পালিয়ে যান লিমন। পরে অভিযান পরিচালনা করে লিমনের মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয় এবং তার বাবা রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত লিমনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন