ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভাকে ঘিরে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ বিষয়ে মুখ খুলেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি মঞ্চে তারেক রহমানের পাশে পা ঝুলিয়ে বসেছিলেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি চেয়ারে বসে আছেন তারেক রহমান এবং তার পাশেই পা ঝুলিয়ে বসেছেন রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে শুরু হয় নানা ট্রল। বুধবার (২৮ জানুয়ারি) ওই ভিডিওর সম্পূর্ণ অংশ নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন রাকিব। একই সঙ্গে তিনি সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনাও তুলে ধরেন।
পুরো ভিডিও শেয়ার করে রাকিব লিখেছেন, তার জন্মস্থান ময়মনসিংহ জেলা। গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই তাকে ডেকে নিয়ে ঠিক তার পাশেই বসার নির্দেশ দেন। তিনি কেডস পরা থাকায় বসতে কিছুটা অসুবিধা হচ্ছিল। পরে গুম, খুন ও নির্যাতিতদের নিয়ে যুগের অধিক সময় ধরে যুগান্তকারী ভূমিকা পালনকারী আতিকুর রহমান রুমন (আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার) এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যানের ঠিক সামনে পা ঝুলিয়ে বসার জন্য অনুরোধ জানান। তাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়েই তিনি পা ঝুলিয়ে ঠিক তার সামনেই গিয়ে বসেন।
রাকিব আরও বলেন, সত্যি মন থেকে বলছি, তিনি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করেছেন এই কারণে যে, স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, পাঁচটি জেলার সভাপতি এবং ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে তাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার নির্দেশ দেওয়া হয়। অথচ মূল ভিডিওটি এড়িয়ে গিয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে একটি বয়ান (ন্যারেটিভ) তৈরি করা হচ্ছে।
ছাত্রদল সভাপতি আরও বলেন, তিনি আশা রাখেন সবাই বুঝতে সক্ষম হবেন যে জিয়া পরিবারই নির্যাতিত ও মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতা-কর্মীদের শ্রম ও ঘামের মূল্য দিতে জানেন। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিশ্বাস রাখবেন—আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকে তাদের অবস্থান অনুযায়ী যথাযথভাবে মূল্যায়ন করবেন।


