ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সড়কে নিহত দুই, বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:০০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

‎ময়মনসিংহের সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর জনতা একটি ট্রাকে আগুস ধরিয়ে দেয়।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে সদরের ঢাকা-ময়মনসিংহ চুরখাই এলাকায় এক পথচারী পুরুষকে চাপা দেয় আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সদরের দাপুনিয়া এলাকায় নিহত ব্যক্তির নাম জসিম (৩২), তিনি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে। তবে, চুরখাই এলাকায় ট্রাকচাপায় নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

‎স্থানীয়রা বলেন, একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন জসিম মিয়া, পারিবারিক কাজে আজ শহরে গিয়েছিলেন। শহর থেকে বাড়ির দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার এসআই কুমুদ লাল বলেন, রাত সাড়ে ৮টার দিকে দিকে চুরখাই বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী নিহত হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।