ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে বিশেষ একটি দলকে সুবিধা দিতে ভোটের দিন প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী আখতারুল আলম ফারুক। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন এসব অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিশেষ একটি দলকে সুবিধা দিতে ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী আছিম পাটুলী, রাধাকানাই, ভবানীপুর, এনায়েতপুর ইউনিয়নে কাহালগাঁও ভোট কেন্দ্রেগুলোতে ভয়ভীতি দেখানো ও বিএনপির কর্মী সমর্থকদের অহেতুকভাবে মারপিট করা হয়। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। এসব বিষয়ে অভিযোগ করা হলেও ফুলবাড়িয়া প্রশাসন সহযোগিতা না করে পক্ষপাতমূলক আচরণ করেছে।
তিনি দাবি করেন, আছিম বাঁশদি বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকেল ৪টার আগে ভোট সম্পন্ন করা হয়। কিন্তু ভোট গণনা শেষে রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ধানের শীষের পক্ষে কাজ করায় দলীয় নেতাকর্মী ও ফুলবাড়িয়াবাসীকে ধন্যবাদ জানায় এবং আগামী দিনে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম বাল, কামরুজ্জামান মীর আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী যুগ্ন আহ্বায়ক আবুল ফজল, শাহজাহান সিকদারসহ প্রমুখ।
ফুুলবাড়িয়া আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা ফুটবল প্রতীকে ৫২ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন।


