ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হারুয়া এলাকার একটি সংখ্যালঘু পরিবারের পুকুরে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, সংখ্যালঘু হিন্দু পরিবারের পাপন দেবনাথ (৩৫) তার বাড়ির পাশে ৪০ শতকের একটি পুকুরে পাঙ্গাস ও দেশি জাতের শিং মাছের চাষ করে আসছিলেন। বুধবার দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুরের নেট দেওয়া সীমানা সরিয়ে বিষ প্রয়োগ করে এবং কিছু মাছ নিয়ে যায়।
বৃহস্পতিবার ভোরে বিষয়টি জানতে পেরে পাপন দেবনাথ সন্দেহভাজন একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করেছেন। পাপন দেবনাথ জানান, জমিজমা নিয়ে বিরোধের কারণেই এমনটি হতে পারে।
পাপনের প্রতিপক্ষ সজল দেবনাথ বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বাড়িতে যেতে পারেন না। বিরোধপূর্ণ জমিতে পাপনরা খুঁটি পুঁতে দখলের চেষ্টা করছে। এ বিষয়ে অভিযোগ দেওয়ার পর এখন নতুন করে নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
-20260219155642.webp)

