ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দায়িত্ব নেওয়ার পর প্রথম গৌরীপুর সফরে সংবর্ধিত প্রতিমন্ত্রী ইকবাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

শপথ গ্রহণের ৬ দিনের মাথায় নিজ এলাকা গৌরীপুরে এক দিনের সফর করছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় প্রতিমন্ত্রীকে সংবর্ধিত করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পৌঁছলে এই সংবর্ধনা জানানো হয়। এ সময় কলতাপাড়া বাজারের রউজ বিদ্যা নিকেতনের শিক্ষার্থীরা বর্ণাঢ্য আয়োজনে ফুল ছিটিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম আব্দুল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

সফরকালে বিগত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সদস্য মাইনুল ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাদির, ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।

এ সময় এলাকার উন্নয়ন ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেন, সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। চেষ্টা করব দেশ এবং এলাকার উন্নয়নে কাজ করতে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ জানান, নির্বাচনপরবর্তী সময়ে সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এলাকায় এসেছেন। মূলত দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্যই প্রতিমন্ত্রীর এই সফর।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দিনভর উপজেলার কলতাপাড়া, রামগোপালপুর, বালুয়ামোড়, পাছার, ভুটিয়ারকোনা, শাহগঞ্জ বাজারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবেন প্রতিমন্ত্রী। এরপর বিকেল ৪টায় প্রশাসনের গার্ড অব অর্নার গ্রহণ শেষে উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করবেন। পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের ইফতার মাহফিলে অংশগ্রহণ করে উপজেলার তাতরাকান্দা নিজ বাড়িতে যাবেন প্রতিমন্ত্রী।