ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স দৈনিক রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার পক্ষ থেকে করা এই আবেদনের শুনানিতে আইনজীবী মো. মোক্তাদির রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা সালমান ওমর রুবেল।
এই আসনে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জিল্লুর রহমান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. তাজুল ইসলাম (রিকশা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আজহারুল ইসলাম (কাস্তে) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. আব্দুর রাজ্জাক (কাঁচি)।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনের দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৬০৪ জন, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। দুই উপজেলার ১৪৩টি কেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি।
এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। অপরদিকে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গত ২৫ ফেব্রুয়ারি দল থেকে মামলার অনুমতি পাই। পরে ২ মার্চ আদালতে আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগ আমলে নিয়ে ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, আদালত যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।


