ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে দুই টন ভিজিএফ চাল জব্দ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি- সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির দুই হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের পাশের খামারগাঁও বাজার থেকে এ চাল জব্দ করা হয়। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সালাউদ্দিন আহম্মদ ঘটনাস্থল থেকে চাল জব্দ করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলছিল। কিন্তু রোববার গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন পরিষদের পাশের খামারগাঁও বাজারে বকুল মিয়া ও মতি মিয়ার দোকানঘর থেকে ৩৪টি বস্তায় মোট দুই হাজার কেজি চাল উদ্ধার করে।

তবে চালগুলো সরকারি সিলমোহরযুক্ত বস্তায় না থাকলেও অন্যান্য খোলা বস্তায় ভরা ছিল। স্থানীয়রা জানান, ইউপি সদস্য ও স্থানীয় উপকারভোগীরা ওই চালের কার্ড ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিলে ব্যবসায়ীরা তা পরিষদ থেকে সংগ্রহ করে স্থানীয় খোলা বস্তায় ভরে দোকানঘরে মজুদ করছিলেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান বলেন, আমরা একটি চালের কার্ডও পাই না। অথচ তারা (ইউপি সদস্যরা) এসব কার্ড বিক্রি করে দেয়। আমরা এদের বিচার চাই।

বিষয়টি জানার জন্য চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়ার সেলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হবে।