ময়মনসিংহের তারাকান্দায় ঘর নির্মাণের জন্য মাটি তোলার গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে অলিউল্লাহ (২) এবং বাবুল মিয়ার ভাই রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল দুই শিশু। একপর্যায়ে বাড়ির পাশেই ঘর নির্মাণের জন্য মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় তারা। এতে দুজনই পানিতে ডুবে যায়।
পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ওই গর্তে জমে থাকা পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
এরপর তাদের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


