ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরনো ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের ছেলে সাকিব (১৩), একই উপজেলার রসুলপু ইউনিযনের মামদাইন গ্রামের জইনুদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৬০)।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের পুরনো একটি টিন শেড ঘর মেরামত করছিলেন। ঘরের একটি টিনের বেড়া অন্য জায়গায় তৈরি করে ঘরে লাগানোর চেষ্টা করছিলেন। ঘরে বিদ্যুৎ সংযোগের একটি লিকেজ ছিল। টিনের নতুন বেড়া ওই লিকেজে লেগে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। বিষয়টি শামসুল হক দেখতে পেযে তাদের বাঁচাতে যান। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। এ সময় বাড়ির অন্যরা টের পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাকিব ও আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক রাতুল বালা বিশ্বাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাকিব ও আব্দুল জব্বার মারা গেছেন। আহত শামসুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পুলিশ থানায় ফিরলে আরও বিস্তারিত বলা যাবে।

