ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার দা-এর কোপে রিফাত (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে মাদকাসক্ত চাচা মনির পলাতক।
শনিবার (৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের মনসুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, অভিযুক্ত মনির এলাকায় চিহ্নিত মাদকসেবী। মনির ও নিহত রিফাতের বাবা মনসুর সৎ ভাই। তাদের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়াও পারিবারিক বিভিন্ন কলহ তাদের মাঝে লেগেই থাকত। ঘটনার দিন সকাল থেকে মনির বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। তিনি দা ধার দিয়ে তার নিজের ছেলেকে মারতে যান। এ সময় রিফাত ফেরাতে গেলে মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন। স্থানীয়রা টের পেয়ে রিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই রিফাত মারা যায়। পরে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। রিফাতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে এবং অভিযুক্ত মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিযাধীন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন