ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩২ জন শিশু। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স মাত্র ৭ মাস। গত ১১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এই শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৪৫৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭০ জন এবং এখন পর্যন্ত মোট ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭৪ জন শিশু।
মমেক হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মাইন উদ্দিন জানান, গত সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত নতুন ৩২ জন রোগী ভর্তি হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।
তিনি আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে হাসপাতালে হামের রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করে সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তাঁরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন