সৌদি আরবের পবিত্র হজ পালন করতে গিয়ে সিরাজুল ইসলাম প্রধান (৬৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সিরাজুল ইসলাম প্রধান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার পাগলা গ্রামের মৃত মর্জত আলী প্রধানের ছেলে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে এনামুল হক পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুকবার (২৪ এপ্রিল) মদিনা নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন সিরাজুল। পরে রোববার সকালে হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়।
ছেলে এনামুল হক পারভেজ বলেন, আমার বাবা পবিত্র হজ পালন করার জন্য ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করেন। গত শুক্রবার নামাজের পর বায়তুল্লাহ শরীফ তাওয়াফ শেষে সিড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানে দায়িত্বরত লোকজন মক্কা নগরীর একটি হাসপাতালে নিয়ে যান। আমরা গতকাল খবর পাই, বাবা অসুস্থ হয়ে হাসপাতালে আছে। কিন্তু আজ সকালে খবর আসে বাবা মারা গেছেন। পরে সকালে তার সহযাত্রীরা হাসপাতালে গিয়ে সিরাজুল ইসলাম প্রধানের মরদেহ শনাক্ত করেন।
সিরাজুল ইসলাম প্রধানের মেয়ের জামাতা আবু সাহিদ বলেন, আজ আছরের নামাজের পর সেখানে জানাযা শেষে উনাকে মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হবে। আমার শশুর প্রায়ই বলতেন আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে যেন হজের মধ্যেই আমাকে তার কাছে নিয়ে যান। আল্লাহ পাক উনার ইচ্ছে পূরণ করছেন।
নিহত সিরাজুল ইসলামের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।


