ময়মনসিংহের নান্দাইলে গত কয়েকদিনের অতি ভারী বর্ষণে একটি জনগুরুত্বপূর্ণ পাকা সড়ক ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের একপাশ ধসে যাওয়ায় ওই পথ দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও বিভিন্ন যানবাহন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বীরকামট খালী দক্ষিণ বাজার থেকে চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ বাজার পর্যন্ত সংযোগ সড়কের চরকামট খালী নামক স্থানে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিনের বাড়ির পাশে সড়কের বিশাল একটি অংশ ধসে বড় গর্ত তৈরি হয়েছে। স্থানীয়রা যাতায়াত সচল রাখতে গর্তে মাটি ফেলে চলাচলের চেষ্টা করলেও বৃষ্টিতে তা আবারও পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে উঠছে।
২০১৭ সালে এই সড়কটি পাকাকরণ করা হয়েছিল। বর্তমানে সড়কের ওই অংশটুকু ধসে যাওয়ায় বীরকামট খালী ও চরউত্তরবন্দ এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
চরকামট খালী গ্রামের পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তফা বলেন, ‘টানা বর্ষণে সড়কের এই অবস্থা হয়েছে। বিশাল গর্তের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
সড়কটি দিয়ে চলাচলকারী অটোরিকশা চালক আলম ও ছালাম এবং মাইক্রোবাস চালক দুলাল মিয়া বলেন, ‘সড়কের একপাশ পুরো ভেঙে গেছে। গাড়ি নিয়ে পাশ কাটিয়ে চলতে গেলেও চাকা দেবে যাওয়ার ভয় থাকে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা চলাচল করছি। আমাদের যাতায়াতের প্রধান এই সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি।’
চরবেতাগৈর ইউপির প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান বলেন, ‘সড়কে ভাঙনের বিষয়টি আপনার কাছ থেকেই শুনলাম। সরেজমিন পরিদর্শন করে ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা গোলাম কিবরিয়া পিয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। তবে জরুরি কোনো বরাদ্দ নেই। ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ব্যবস্থা নেওয়া হবে।



