ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, আটক ১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:২২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিককে (৩২) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারের ভগবতী মিষ্টির দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।

শনিবার (২ মে) দুপুরে আহতের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার রাতেই অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি রিয়েল আহমেদসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিল। ঘটনার রাতে মনিরুজ্জামান মানিক এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে মানিকের মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় জামাল মিয়া ও হারুন নামে আরও দু’জন আহত হন। মানিক বর্তমানে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্য আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।