ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি- সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মুসা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে নগরীর ঘুন্টি এলাকায় ট্রেনের ছাদ থেকে তিনজন পড়ে যাওয়ার ঘটনা ঘটে।

নিহত মুসা গাজীপুর জেলার উত্তর সালনা এলাকার কোরবান আলীর ছেলে।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে মুসা ও শামীমসহ তিন যুবক পড়ে যান। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। শামীমকে হাসপাতালের ১৪ নম্বর (পুরুষ) ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সূত্র জানায়, জামালপুরে নিহত মুসার ভাইয়ের একটি মুরগির খামার আছে। সেখানে ভাইয়ের খামারের কাজে সহায়তা করতে যাচ্ছিলেন তিনি।