ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শহীদ সাগর হত‍্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ময়মনসিংহের প্রথম শহীদ কলেজছাত্র রেদোয়ান হাসান সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়।

পরে রেদোয়ান হাসান সাগরের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ সাগর চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। এরপর মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহাবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, শহীদ সাগরসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করা হবে। কোনো অপশক্তি হত্যাকারীদের রক্ষা করতে পারবে না।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানোর ঘটনায় তৎকালীন সংসদ সদস্য মোহিতুর রহমান শান্ত, তৎকালীন মেয়র ইকরামুল হক টিটু এবং আমিনুল হক শামীম জড়িত ছিলেন। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তিনি।