ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে একটি কফিন ভেসে আসাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কফিনটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো মরদেহ বা অন্য কিছু ছিল না।
সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (টানমালামারী) গ্রামের ব্রহ্মপুত্র নদে কফিনটি ভেসে আসে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল (৩৫) কৌতূহলবশত কফিনটি নদী থেকে তুলে বাড়িতে নিয়ে যান। পরে এলাকাবাসীর পরামর্শে তিনি সেটি আবার নদীতে ভাসিয়ে দেন।
আব্দুল আউয়াল বলেন, ‘প্রথমে না বুঝেই কফিনটি বাড়িতে নিয়ে এসেছিলাম। পরে স্থানীয়দের পরামর্শে আবার নদীতে ভাসিয়ে দিয়েছি।’
প্রত্যক্ষদর্শী ইব্রাহীম খলিল বলেন, তাদের ধারণা, উজানের ময়মনসিংহ বা জামালপুর এলাকার দিক থেকে স্রোতের টানে কফিনটি ভেসে এসেছে। তিনি বলেন, চলমান বন্যা পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতে পারে—এমন ধারণা থাকলেও সেটি নিশ্চিত নয়; এটি কেবল স্থানীয়দের অনুমান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রথমে তারা ধারণা করেছিলেন কফিনের ভেতরে মরদেহ রয়েছে। তবে খুলে দেখার পর সেটি খালি পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে অনেক মানুষ কৌতূহলবশত কফিনটি দেখতে আসেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. রবিউল আজম বলেন, এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি বা বাসিন্দাদের কেউ পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। তবে তিনি শুনেছেন, একটি খালি কফিন নদীতে ভেসে এসেছিল এবং পরে স্থানীয়রা সেটি আবার নদীতে ভাসিয়ে দেন।

