নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশির সময় ৮০০ পিস ট্যাপেন্ডাডালসহ দুই যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার চারমাথা এলাকায় তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেলসহ এসব মাদক উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর সদস্যরা জানান, রাত সাড়ে ৮টার দিকে চারমাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবককে যেতে দেখলে থামার সংকেত দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্ডাডাল উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া এসআই আনোয়ার হোসেন বলেন, ‘উদ্ধার করা ট্যাপেন্ডাডাল স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে।’
আটক দুই ব্যক্তি হলেন, মান্দা উপজেলার সতিহাট এলাকার খোকার ছেলে মোস্তাকিম (৩০) এবং একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া, গণেশপুর ইউনিয়নের নাদের খাঁর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
স্থানীয় সূত্র জানায়, বদলগাছী চারমাথা এলাকা বদলগাছী-নজিপুর-জয়পুরহাট সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় বিভিন্ন সময় এটি মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা উচিত।
বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযান অব্যাহত থাকবে।’



